২২ ফেব্রুয়ারি থেকে কমলপুরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব

প্রগতি ত্রিপুরা, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬: রাজ্যভিত্তিক যাত্রা উৎসব ২০২৬ আয়োজন করার লক্ষ্যে সম্প্রতি কমলপুর মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধ, কাঞ্চনপুর মহকুমার এসডিএম বিজয় কুমার ত্রিপুরা,

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা প্রমোদ আচার্য, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ মজুমদার ও বিদ্যুৎজিত চক্রবর্তী প্রমুখ। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কমলপুর টাউন হলে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে মোট ১৮টি যাত্রা দল অংশগ্রহণ করবে। এই যাত্রা উৎসবকে সুন্দর ও সফল করে তোলার জন্য বিধায়ক মনোজ কান্তি দেবকে চেয়ারম্যান করে একটি মূল কমিটি এবং ৭টি সাবকমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এই উৎসবকে সুন্দর ও সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।