আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে সিপাহীজলা জেলায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী, ২০২৬: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়, টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় টাকারজলার দূরতম প্রান্তে কলইবাড়িতে আজ এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে শতাধিক রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করেন।

মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা প্রদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাঃ কনক চৌধুরী (জেনারেল মেডিসিন), ডাঃ মহেন্দ্র দেববর্মা (জেনারেল মেডিসিন), ডাঃ দীপ্তেন্দু চৌধুরী (জেনারেল সার্জারি), ডাঃ চয়ন চাকমা (শিশুরোগ বিভাগ), ডাঃ দেবাশিস সাহা (প্রসূতি ও স্ত্রীরোগ), ডাঃ অনিন্দ্য দেবনাথ (অর্থোপেডিক্স), ডাঃ রাকেশ দাস (পিএমআর), ডাঃ সত্যকাম চক্রবর্তী (ইএনটি), ডাঃ পারুলদীপ চাকমা (চক্ষু বিভাগ), ডাঃ কমল দাস (চর্মরোগ), ডাঃ অভিক দেব (ইএমডি), সিপাহীজলা জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডাঃ দীপ দেববর্মা এবং টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ বিমল কলই। রাজ্যের প্রধান হাসপাতালে প্রাপ্ত পরিষেবা যাতে গ্রামস্তরেও মানুষ পেতে পারেন সেই লক্ষ্যে এই আয়োজন। ইতিপূর্বে বিভিন্ন এলাকায় এই ধরনের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। যার সুফল পেয়েছেন অগণিত মানুষ। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।