১৫ ফেব্রুয়ারি থেকে খোয়াইয়ে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, খোয়াই পঞ্চায়েত সমিতি, খোয়াই আরডি ব্লক, খোয়াই পুর পরিষদ এর যৌথ উদ্যোগে এই ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, খোয়াই জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকুল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই ব্লকের এস সি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস প্রমুখ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের খোয়াই জেলা কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ দেববর্মা ও খোয়াই ব্লকের বিডিও অনিরুদ্ধ দাস প্রমূখ। সম্প্রতি খোয়াই ব্লকের কনফারেন্স হলে এই সংক্রান্ত একটি প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিস্কু ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ দাস ও বিভিন্ন দপ্তরের অধিকারিকগন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খোয়াই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ও সচিবগণ। সভায় সিদ্ধান্ত হয় যে মেলায় বিভিন্ন দপ্তরের ও টিআরএলএম এর স্ব-সহায়ক দলের পক্ষ থেকে প্রদর্শনী স্টল খোলা হবে। মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।