অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬: লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক বৈদিক সম্মেলনের আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, বৈদিক সাহিত্য ভারতের প্রাচীন জ্ঞান ভান্ডার।
ভারতের এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে এবং সবার জন্য সহজপ্রাপ্য করতে ডিজিট্যাল মাধ্যমে সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। রাজ্যপাল বলেন, বিকশিত ভারতের পথে অগ্রসর হওয়ার সময় বেদে উল্লেখিত জ্ঞান আমাদের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। সংস্কৃত ভাষাকে আরও জনপ্রিয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
বৈদিক সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে রাজ্যপাল সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃত পন্ডিত ভেঙ্কটরমন গণপতি। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা প্রফেসর মাখলেশ কুমার উপাধ্যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ড. প্রকাশ রঞ্জন মিশ্র। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।









