অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬: স্বদেশী শিল্পকে পুনরায় জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হস্ততাঁত ও হস্তকারু শিল্প শুধুমাত্র ঐতিহ্যের ধারক নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৪ দিনব্যাপী ‘রাজ্য ভিত্তিক হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬’। এই মেলা আয়োজনের জন্য আজ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এই সভার সভাপতি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত খোয়াই নদী ব্যারেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, হস্ততাঁত ও হস্তকারু দপ্তরের ডিরেক্টর অজিত শুক্ল দাস, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই মেলার মাধ্যমে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। স্বদেশী পণ্যের জনপ্রিয়তা বাড়লে বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে হস্ততাঁত শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মেলায় মোট ৬০টি স্টল থাকবে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, আসাম, মণিপুর, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর-সহ মোট ১০টি রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীরা তাঁদের উৎপাদিত বস্ত্র ও নানাবিধ কারুশিল্প সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন। মেলা সাফল্যমন্ডিত করে তুলতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।









