আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করল ই.সি.আই.

প্রগতি ত্রিপুরা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার (সি.ই.সি.) জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক জোশি আজ চেন্নাইয়ে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত ও বিস্তৃত পর্যালোচনা বৈঠক করেন।পর্যালোচনা সফরের সময় কমিশন স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।

এই দলগুলির মধ্যে ছিল আম আদমি পার্টি, বহুজান সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতীয় জাতীয় কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাঝাগম, দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাঝাগম, দ্রাবিড় মুনেত্র কাঝাগম, নাম তামিলার কাচ্চি এবং বিদুথালাই চিরুথাইগল কাচ্চি এবং তাদের পরামর্শ গ্রহণ করে। অধিকাংশ রাজনৈতিক দল তামিলনাডুতে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করে।

রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় অর্থবল প্রয়োগ ও উপহার সামগ্রী বিতরণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের প্রতি আহ্বান জানায়। কিছু দল নির্বাচনী অনিয়ম রোধে উড়ন্ত স্কোয়াডের সংখ্যা বাড়ানোরও দাবি জানায়। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন তারিখ নির্ধারণের সময় আসন্ন উৎসবগুলিকে বিবেচনায় রাখার অনুরোধ জানায়। রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে, তাদের পরামর্শ বিবেচনা করা হবে এবং নির্বাচন আইন অনুযায়ী স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর কমিশন প্রয়োগকারী সংস্থার প্রধান/নোডাল অফিসার, আইজি, ডিআইজি, জেলা নির্বাচন আধিকারিক (ডি.ই.ও.), পুলিশ সুপার (এস.পি.)-দের সঙ্গে নির্বাচন পরিকল্পনা, ইভিএম ব্যবস্থাপনা, লজিস্টিকস, নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ, জব্দকরণ, আইন-শৃঙ্খলা, ভোটার সচেতনতা ও প্রচার কার্যক্রমের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে।