তেলিয়ামুড়ায় প্রবীন নাগরিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২ ফেব্রুয়ারী, ২০২৬: তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আজ তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের উদ্যোগে প্রবীণ নাগরিকদের গতিশীলতা ও মানসিক দক্ষতা উন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসুদন রায়, তেলিয়ামুড়া বিএসি’র চেয়ারম্যান ভানলাল রাঙ্খল এবং ভাইস চেয়ারম্যান প্রসন্ন হরি জামাতিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া ব্লকের ব্লক আধিকারিক বিপ্লব আচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও পৃথিলা প্রসূন দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের অমূল্য সম্পদ এবং তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাঁদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দক্ষতা বৃদ্ধি এবং সামাজিকভাবে সক্রিয় রাখার বিষয়টি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

পাশাপাশি পরিবারের সন্তানদেরও তাদের মা-বাবার প্রতি দায়িত্বশীল ও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিগণ প্রবীণ নাগরিকদের সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৬ জন প্রবীণ ব্যক্তিকে শাল। চাদর, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে তেলিয়ামুড়া ব্লক এলাকার বহু প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।