তেলিয়ামুড়ার চাকমাঘাটে ৫ হাজার জনজাতি মহিলাকে বিনামূল্যে সুতা বণ্টন

অনলাইন ডেস্ক, ০৫ মার্চ, ২০২৬: মুখ্যমন্ত্রী জনজাতি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট মিশনের আওতায় আজ তেলিয়ামুড়া মহকুমার চকমাঘাট ব্যারেজ সংলগ্ন স্থানে এলাকার জনজাতি মহিলাদের মধ্যে বিনামূল্যে সুতা বণ্টন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, তেলিয়ামুড়া, কল্যাণপুর ও মুঙ্গিয়াকামি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ, খোয়াই জেলার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার নারী ক্ষমতায়নের লক্ষ্যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের শিক্ষিত ও স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার জনজাতি মহিলাদের বিনামূল্যে সুতা প্রদান করে রিশা ও অন্যান্য বস্ত্র তৈরির সুযোগ করে দিয়েছে এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি করছে, যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের মাধ্যমে জনজাতি সুবিধাভোগীকে রাবার বাগান করার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক, যুবক, মহিলা এবং জনজাতিদের উন্নয়নের সরকার। জনজাতি সমাজপতিদের সম্মান জানিয়ে তাদের মাসিক ৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হচ্ছে, যা পূর্ববর্তী কোনও সরকার দেয়নি। এছাড়া রাজ্যে সামাজিক ভাতা ২,০০০ টাকা করা হয়েছে।

বিশেষ অতিথি তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকার জনজাতি জনগোষ্ঠীর উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার জনতার সরকার এবং উন্নয়নের সরকার। আজকের অনুষ্ঠানে প্রায় ৫ হাজার জনজাতি মহিলার মধ্যে বিনামূল্যে সুতা বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের লোকশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়।