অনলাইন ডেস্ক, ০৭ মার্চ, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার গছিরাম পাড়ায় আদিম জাতি পুনর্বাসন দপ্তরের উদ্যোগে প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি কালচারাল অ্যান্ড ট্যুরিজম হাউস আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। সমবায় ও আদিম জাতি পুনর্বাসন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নবনির্মিত এই ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশদা বি.এ.সি. চেয়ারম্যান উদারাম রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিম জাতি পুনর্বাসন দপ্তরের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য দমনজয় রিয়াং, দপ্তরের উপ-অধিকর্তা এল, ডার্লং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আদিম জাতি পুনর্বাসন দপ্তরের উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এদিন মোট ১২০ জন প্রশিক্ষণার্থীকে তাদের প্রশিক্ষণ অনুযায়ী উপকরণ প্রদান করা হয়। এরমধ্যে ৩০ জনকে সেলাই মেশিন, ৩০ জনকে প্লাম্বিং সরঞ্জাম, ৩০ জনকে বিউটিশিয়ান কিট এবং ৩০ জনকে ইলেকট্রিশিয়ান কিট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, গছিরামপাড়া এলাকায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ, চর্চা ও বিকাশের উদ্দেশ্যেই এই কালচারাল অ্যান্ড ট্যুরিজম হাউসটি নির্মাণ করা হয়েছে।
এর মাধ্যমে এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।









