অনলাইন ডেস্ক, ১২ মার্চ, ২০২৬: গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে খোয়াই জেলার চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ৯ মার্চ ২০২৬ ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে মোট ২১ জন গর্ভবতী মা অংশগ্রহণ করেন। চিকিৎসকরা তাঁদের সকলকে প্রাক-প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি তাঁদের রক্তচাপ, ওজন, হিমোগ্লোবিনের মাত্রা, এইচআইভি, হেপাটাইটিস-বি ও হেপাটাইটিস-সি সহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
এছাড়াও স্বাস্থ্যকর্মীরা গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ যত্ন নেওয়ার পরামর্শ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে গর্ভবতী মহিলাদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রসব-পূর্ববর্তী যত্নের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন চম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ কাজল ঘোষ সহ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। উক্ত কর্মসূচিতে সকলকে পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।









