অনলাইন ডেস্ক, ১২ মার্চ, ২০২৬: শিশুদের শারীরিক ত্রুটি বা অসুস্থতা যথাসময়ে শনাক্ত করে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে উত্তর জেলার কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীন মোবাইল হেলথ টিম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। গত ৬ মার্চ, ২০২৬ তারকপুর হাই স্কুলে এক বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে আয়োজিত এক শিবিরে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই শিবিরে বিদ্যালয়ের মোট ৭০ জন ছাত্রছাত্রীকে তাদের শ্রবণশক্তি, দাঁত ও ত্বকের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা।
এদিন দুইজন শিক্ষার্থীর কানে সংক্রমণ, দুইজনের দন্ত সমস্যা, তিনজনের ত্বকের সমস্যা চিহ্নিত করেন। শিবিরে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সমস্যায় আক্রান্তদের কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণের পরার্মশ প্রদান করেন। শিবিরে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসক উপস্থিত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা করেন। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসক ডাঃ নীলাদ্রি শেখর চ্যাটার্জি, ডাঃ কল্লোল ব্রহ্মচারী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।







