অনলাইন ডেস্ক, ১৭ মার্চ, ২০২৬: ধর্মনগর বিধানসভার উপনির্বাচন উপলক্ষে আজ নির্বাচন দপ্তরের কনফারেন্স হলে রাজ্যের বিভিন্ন জাতীয় ও রাজ্যস্তরীয় স্বীকৃতি রাজনৈতিক দলগুলির সাথে মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে এক বৈঠক করেন।
এই বৈঠকে বিজেপি, আইএনসি, সিপিআই (এম), মথা ও আইপিএফটি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ছাড়াও অতিরিক্ত সিইও ইউজে মগ এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা হয়। নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে রাজনৈতিক দলগুলির সদস্যদের অবগত করা হয়।
নির্বাচন দপ্তরের তরফ থেকে অবাধ ও নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে সহমত পোষণ করেন। সর্বশেষে আসন্ন এসআইআর সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।









