অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড ও বামুটিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গতকাল বামুটিয়া ব্লকের অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানের গণেশ চৌধুরী পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গনে ঝুমুর ও চা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল।
এই উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য সরকার প্রতিটি জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরাকে জানতে হবে। প্রত্যেককেই নিজের সংস্কৃতি নিয়ে চর্চা করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের সাংস্কৃতির উন্নতির জন্যই এই উৎসবের আয়োজিত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যা শীলা দাস সেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য, সমাজসেবী শিবেন্দ্র দাস প্রমুখ।
সভাপতিত্ব করেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা। অনুষ্ঠান উপলক্ষে চা বাগানের ১২০ জন শিল্পী ঝুমুর নৃত্য পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন বিভাগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া এই উৎসবে রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।









