সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ২০২৬: আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক করল নির্বাচন কমিশন (ই.সি.আই.) নির্বাচনী গোয়েন্দা সংক্রান্ত বহুমুখী বিভাগীয় কমিটির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৬: ভারতের নির্বাচন কমিশন (ই.সি.আই.) আজ ৫টি নির্বাচনমুখী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের ১২টি প্রতিবেশী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, সিইও, ডিরেক্টর জেনারেল অব পুলিশ ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের উপস্থিতিতে একটি পর্যালোচনা বৈঠক করে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা, সমন্বয় বৃদ্ধি এবং সহিংসতামুক্ত, ভয়ভীতিমুক্ত ও প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

মুখ্য নির্বাচন কমিশনার (সি.ই.সি.) জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. এস. এস. সান্ধু ও ড. বিবেক জোশির সঙ্গে মিলিতভাবে আসন্ন সাধারণ নির্বাচন (অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ) এবং ৬টি রাজ্যের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য ও অস্ত্র বাজেয়াপ্তকরণ, আন্তঃরাজ্য চেকপোস্ট এবং ব্যয়-সংবেদনশীল আসনগুলি পর্যালোচনা করেন।

নির্বাচনমুখী রাজ্যগুলি তাদের সামগ্রিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়, ব্যয় নিয়ন্ত্রণ ও প্রয়োগ, এবং কেন্দ্রীয় সংস্থা ও প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সংক্রান্ত যেকোনো উদ্বেগ বা বকেয়া বিষয় কমিশনকে অবহিত করে। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত সিল করার ওপর জোর দেওয়া হয়। প্রতিবেশী সীমান্তবর্তী রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় যেন তারা নির্বাচনমুখী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রলোভনমুক্ত ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে সর্বতোভাবে সহায়তা করে।

বিভিন্ন সংস্থার প্রধানদের যেমন সি.বি.ডি.টি., সি.বি.আই.সি., ই.ডি., ডি.আর.আই., সি.ই.আই.বি., এফ.আই.ইউ.-আই.এন.ডি., আর.বি.আই., আই.বি.এ., এন.সি.বি., আই.সি.জি., বি.সি.এ.এস., এ.এ.আই., পোস্টাল সার্ভিস, সি.আর.পি.এফ., সি.আই.এস.এফ., বি.এস.এফ., এস.এস.বি.. আর.পি.এফ., আই.টি.বি.পি, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং আসাম রাইফেলসকে নির্দেশ দেওয়া হয় যে নির্বাচনমুখী রাজ্য এবং সংলগ্ন এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে হবে এবং আন্তঃরাজ্য চেকপোস্টে তল্লাশি জোরদার করতে হবে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এন.সি.বি.), আয়কর বিভাগ, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সি.জি.এস.টি.) এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডি.আর.আই.)-সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্বাচনকে সামনে রেখে তাদের তৎপরতা বাড়ানোর এবং কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য, অস্ত্র ইত্যাদির বাজেয়াপ্তকরণ সর্বাধিক করার নির্দেশ দেওয়া হয়। ভারতের নির্বাচন কমিশন থেকে এই সংবাদ জানানো হয়েছে।