অনলাইন ডেস্ক, ২৫ মার্চ, ২০২৬: আগরতলার বোধজংনগরে সৌন্দর্য ও সুস্থতা ক্ষেত্রে একটি আধুনিক দক্ষতা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আজ ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সঙ্গে উড়িশ্যার ওয়ার্ল্ড স্কিল সেন্টারের এক চুক্তি স্বাক্ষরিত হয়। রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে উড়িশ্যা সরকারের অতিরিক্ত সচিব এবং ওয়ার্ল্ড স্কিল সেন্টারের চিফ অপারেটিং অফিসার পিঙ্কি পট্টনায়েক তার দল সহ ত্রিপুরা সফর করেন।
দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আন্তঃ রাজ্য সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সহযোগিতার মূল লক্ষ্য হল রাজ্যে উচ্চমানের প্রশিক্ষণ মানদন্ড এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাতে যুব সমাজ দ্রুত বিকাশমান সৌন্দর্য ও সুস্থতা ক্ষেত্রে শিল্প সংশ্লিষ্ট ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে। এই কেন্দ্রটি জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, গুণগতমান সম্পন্ন এবং চাহিদা কেন্দ্রীক প্রশিক্ষণ প্রদানের উপর বিশেষ গুরুত্ব দেবে, যার মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য উৎকর্ষ এবং বিশ্বব্যাপী সহযোগিতার জন্য সুপরিচিত উড়িশ্যার ওয়ার্ল্ড স্কিল সেন্টারের সাথে এই অংশদারিত্ব জ্ঞান বিনিময়, উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণার্থী ও প্রার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনগুলো গ্রহণে সহায়তা করবে। হাঁপানিয়ায় প্রস্তাবিত আন্তর্জাতিক দক্ষতা কেন্দ্র ও কর্মসংস্থান হাব-এর পাশাপাশি এ ধরণের অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের দক্ষ জনশক্তির একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগটি দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা অর্জনে সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের অঙ্গীকারই প্রতিফলন। দক্ষতা উন্নয়ন দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









