অনলাইন ডেস্ক, ২৬ মার্চ, ২০২৬: টি.টি.এ.এ.ডি.সি-র আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজ খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের উদ্যোগে নতুন টাউনহলে ৯-হালাহালি-আশারামবাড়ি (এসটি) ও ১২-রামচন্দ্রঘাট (এস.টি.) নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণের কাজে নিয়োজিত ভোটকর্মীদের নিয়ে প্রথম পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় মহকুমা শাসক নির্মল কুমার বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী ভোটগ্রহণের কাজ অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মীদের প্রতি আহ্বান জানান।
মহড়ায় প্রিসাইডিং অফিসার সহ ভোটগ্রহণ কর্মীদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন খোয়াই মহকুমার মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম. দীপঙ্কর সরকার, এ.আর.ও. নারায়ণ দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম. অরুণ দেবনাথ, ডি.সি.এম. কিশোর দেববর্মা সহ ১১ জন সেক্টর অফিসার। প্রিসাইডিং অফিসার সহ মোট ৫৩০ ভোটগ্রহণ কর্মী মহড়ায় অংশগ্রহণ করেন বলে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম. দীপঙ্কর সরকার জানান।









