অনলাইন ডেস্ক, ১৩ই এপ্রিল, ২০২৬: আগামী ১৭-০৪-২০২৬ তারিখে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চান্দনি চন্দ্রন গণনা কেন্দ্রের ১০০ মিটার চৌহদ্দির মধ্যে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।
সকাল ৬টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ১-দামছড়া-জম্পুই (এসটি) এবং ৩-দশদা-কাঞ্চনপুর আসনের জন্য কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী জেলাশাসক জানিয়েছেন যে, সংশ্লিষ্ট এলাকায় দ্বি-চক্রযান, রিক্সা ইত্যাদি চালানো নিষিদ্ধ থাকবে। কোন ব্যক্তি লাঠি, লোহার বড়, বাঁশ, পাথর ইত্যাদির মত বস্তু, যা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে বহন করে সেখানে চলাফেরা করতে পারবেন না।
গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে লাউড স্পিকার ব্যবহার করে বা লাউড স্পিকার ছাড়া কোন মিছিল, জনসভা বা জমায়েত করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞ সিএপিএফ/পুলিশ, নির্বাচন কাজে নিযুক্ত কর্মী, যানবাহন, কাউন্টিং এজেন্ট/মিডিয়া/বা অন্যান্য নির্বাচন কমিশনের পাস প্রাপকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।









