এডিসি নির্বাচন: সিপাহীজলা জেলার গণনাকেন্দ্রগুলির চারপাশে ১০০ মিটার এলাকাকে স্টেরাইল জোন ঘোষণা

অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৬: আগামীকাল (১৭ এপ্রিল, ২০২৬) ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগণনা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা তথা জেলা নির্বাচন আধিকারিক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এক নির্দেশিকা জারি করেছেন। উক্ত নির্দেশিকা অনুযায়ী ১৭ এপ্রিল, ২০২৬ আইন শৃঙ্খলা বজায় রাখার এবং গণনা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে গণনাকেন্দ্রগুলির চারপাশে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে এলাকাকে স্টেরাইল জোন বা নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

গণনাকেন্দ্রগুলির অন্তর্ভুক্ত বাজার সমূহ যথা বিশালগড় বাজার, চড়িলাম বাজার এবং বিশ্রামগঞ্জ বাজারের ক্ষেত্রে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ১৭ এপ্রিল, ২০২৬ তারিখে সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এই স্টেরাইল জোনের মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই বিধিনিষেধ গণনা কর্মচারি, বৈধ পাসধারী গণনা এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়াও কর্তব্যরত নিরাপত্তা কর্মী ও ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে, জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, অগ্নি নির্বাপণ, আইন শৃঙ্খলা, অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা, যথাযথ অনুমতিপ্রাপ্ত যানবাহন ও কর্মী- এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সিপাহীজলা জেলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উক্ত আদেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, নাকা পয়েন্ট ও টহলদারিও জোরদার করা হবে। উক্ত আদেশ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।