অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৬:মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং শিববাড়ী উন্নয়ন কমিটির সহযোগিতায় গতকাল বিশালগড় মহকুমার চড়িলাম ব্লকের অন্তর্গত ব্রজপুর শিববাড়ী প্রাঙ্গনে দু’দিনব্যাপী ব্রজপুর চড়ক পূজা ও বৈশাখী মেলার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সদস্য রাজকুমার দেবনাথ। উদ্বোধকের ভাষণে তিনি ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বৈশাখীর মেলার গুরুত্ব এবং প্রেক্ষাপট সহ সংস্কৃতির অনুষঙ্গ বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক কাকলি ভৌমিক। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা বাউল, লোকগীত, লোকনৃত্য সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস, সমাজসেবী নন্দ দুলাল ধর, জয়দেব দেবনাথ, প্রিয়তোষ ঘোষ প্রমুখ।








