এনসিসি ক্যাডেটদের কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবিরের আগামীকাল সমাপ্তি

অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৬: ১৩- ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি ক্যাডেটদের কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে আজ শহীদ ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গণে বিভিন্ন দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। ৩৫-আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের উদ্যোগে এই অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। গত ৯ এপ্রিল থেকে এই এনসিসি ক্যাডেটদের কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরে মোট ৪৭২ জন বালক ও বালিকা ক্যাডেট অংশ নেয়। এই অস্ত্রশস্ত্রের কার্যকারিতা সম্পর্কে ৩৫-আসাম রাইফেলস-এর আধিকারিক ও জওয়ানগণ ক্যাডেটদের প্রশিক্ষণ দেন।

অস্ত্রশস্ত্র প্রদর্শন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কর্ণেল এন এস বাথ বলেন, দেশ মাতৃকার নিরাপত্তা ও অখন্ডতা রক্ষার উদ্দেশ্যে আজ এনসিসি ক্যাডেটদের বিভিন্ন অস্ত্রশস্ত্র চালানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিবির চলাকালীন সময়ে ক্যাডেটদের দেশপ্রেম, দেশের একতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সততা-নিষ্ঠা, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকের অপব্যবহার, সমাজসেবা, সাংস্কৃতিক চর্চা, পরিবেশ ভাবনা, ম্যাপ রিডিং, যোগা, পিটি, ড্রিল, মিলিটারি ট্রেনিং, সাইবার অপরাধ, বিতর্ক, প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব উন্নয়ন, ফায়ারিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া ক্যাডেটদের এলবার্ট এক্কা পার্ক, হেরিটেজ পার্ক ও আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করানো হয়। এছাড়াও পক্সো আইন নিয়ে আলোচনা করেন ডা. এস গুপ্তা এবং কিক বক্সিং-এর প্রশিক্ষণ দেন মুক্তা দেবনাথ। দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্র প্রর্দশনের মধ্যে রয়েছে ৯ এমএম পিস্তল, ৭.৬২ এমএম এ কে ৪৭ রাইফেল, এইচ আর বিনো, গান মেশিন ৭.৬২ এমএম, ৫১ এমএম এম ও আর, ৮৪ এমএম রকেট লঞ্চার, ৫.৫৬ এমএম এলএমজি, এসবি ডব্লিউসি-০১ বডি ওয়ার্ম ক্যামেরা সিস্টেম, রাইফেল ৫.৫৬ এমএম এক্সক্যালিভার, স্পোটার্স কোপ প্রভৃতি। আগামীকাল এই প্রশিক্ষণ শিবির সমাপ্ত হবে।