অনলাইন ডেস্ক, ১০ মে, ২০২৬: রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি সঠিকভাবে রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। জাতি-জনজাতি সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। গতকাল সাব্রুম মেলার মাঠে ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী সাব্রুম বৈশাখী মেলার উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা একথাগুলি বলেন। শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি মুক্ত প্রশাসন পরিচালনা করা।
বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি সরাসরি সুবিধাভোগীদের প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়, সারুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে। স্বাগত বক্তব্য রাখেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাষ লোধ, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী। মেলাতে বিভিন্ন দপ্তর থেকে ১৩টি প্রদর্শনী স্টল খোলা হয়। এছাড়া ১০ দিনব্যাপী মেলায় রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আগামী ১৮ মে পর্যন্ত বৈশাখী মেলা চলবে।









