অনলাইন ডেস্ক, ১৬ মে, ২০২৬: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু এলাকার ৩০০ মিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩ এর ১৬৩ নং ধারা অনুযায়ী করবুক মহকুমার অন্তর্গত বিওপি লবোকান্ত পাড়া থেকে বিওপি চাপলিন ছড়া (বিপি নং ২২৪০/৪৪-এস থেকে ২২৬২/৩০-এস) পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশে বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল সকাল ৬টা পর্যন্ত সময়ে স্থানীয় কর্তৃপক্ষের উপযুক্ত অনুমতিপত্র ছাড়া ৪ বা ততোধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না।
এই সময়ে করবুক মহকুমার মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপত্র ছাড়া কেউ সংশ্লিষ্ট এলাকায় চলাচল করতে পারবেন না। কর্মরত অবস্থায় থাকা পুলিশ বাহিনীর সদস্য, সিআরপিএফ, বিএসএফ ছাড়া কেউ লাঠি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহণ করতে পারবেন না। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং কর্মরত অবস্থায় থাকা সরকারি কর্মচারিরা এই আদেশের আওতার বাইরে থাকবেন।
আন্তর্জাতিক সীমান্তের ৩০০ মিটার এলাকায় থাকা মানুষও এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ ১৪ মে, ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং তা ১৩ জুলাই, ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএসএস ২০২৩ এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।








