অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৬: যথাযোগ্য মর্যাদায় কাঞ্চনপুর মহকুমায় নানা অনুষ্ঠানের মাধ্যমে কাঞ্চনপুর মহকুমাভিত্তিক স্বাধীনতা দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে কাঞ্চনপুর সুভাষনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। এই দিবসটি পালন করার জন্য সম্প্রতি কাঞ্চনপুর রেভিনিউ ডাক বাংলোতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। টিটিএএডিসি’র এমডিসি শৈলেন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক আশীষ বিশ্বাস ছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, শিক্ষক, শিক্ষিকাগণ ও বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ১৫ আগস্ট সকালে মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর আরক্ষা বাহিনীর জওয়ানগণ কুচকাওয়াজ ও প্যারেডে অংশ নেবেন। আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে ভোরে বের করা হবে প্রভাতফেরি। ১৪-আগস্ট বিভিন্ন অফিস, বিদ্যালয় ও বাজারগুলিতে সাফাই অভিযান সংগঠিত করা হবে। এছাড়া ১৫-আগস্ট মূল অনুষ্ঠানের পর অতিথিগণ বিভিন্ন হাসপাতালের রোগী ও কারা আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করবেন। কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক আশীষ বিশ্বাস স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।









