অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৬: জনগণনার অঙ্গ হিসেবে ১৭ জুলাই থেকে শুরু হওয়া সেলফ এনুমারেশন বা স্বগণনা কর্মসূচিতে উত্তর ত্রিপুরা জেলা রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। জেলার প্রায় ১ লক্ষ ১০ হাজার পরিবারের মধ্যে ইতিমধ্যেই ১২ হাজারেরও বেশি পরিবার স্বগণনায় অংশ নিয়েছে। অর্থাৎ মোট পরিবারের ১০ শতাংশেরও বেশি সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় নিজেদের বাড়ি ঘরের তথ্য দাখিল করেছেন। আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাদনী চন্দ্রন এই সংবাদ জানিয়েছেন।
তিনি জানান, রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে উত্তর জেলায়ও আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া চলবে ৩০ আগষ্ট পর্যন্ত। এই বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমগ্র জেলায় ৮৬৪ জন এনুমারেটর এবং ১৮০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরিচয়পত্র এবং ডিজিট্যাল এনুমারেশন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। আগামীকাল থেকে এনুমারেটরগণ তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবেন। জেলাশাসক এই সমীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা।









