অনলাইন ডেস্ক, ০১ অগাস্ট, ২০২৬: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ মোহনপুর মহকুমা অন্তর্গত তুলাবাগান সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক অনূর্ধ্ব-১৫ বছর বালক বিভাগের ৬৫তম সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৩টি দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বিজয় ভৌমিক, মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের আধিকারিক মধুসূদন দেববর্মা, সমাজসেবী কার্তিক আচার্য-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো মহকুমা স্তর থেকে প্রতিভাবান ফুটবলারদের চিহ্নিত করে তাদের রাজ্য স্তরের সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলার প্রসার, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করা। জেলাভিত্তিক অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের ৬৫তম সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মোহনপুর মহকুমা ৪-০ গোলে সদর মহকুমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।








