এভারেস্ট বেস ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনা! দু’টি চপারের সংঘর্ষে প্রাণ হারালেন এক বিদেশি পর্যটক

কাঠমান্ডু, ৩ নভেম্বর :  নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিদেশি নাগরিকের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ (নেপালের স্থানীয় সময় অনুযায়ী) নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একই সময়ে অবতরণ করার চেষ্টা করছিল দু’টি হেলিকপ্টার। সেই সময় দু’টির মধ্যে সংঘর্ষ হয়। সোলুখুম্বু পুলিশ প্রধান মৌসুম তামাং জানিয়েছেন, সংঘর্ষ হওয়া হেলিকপ্টারগুলি ফিশ টেইল এয়ার ও ডাইন্যাস্টি এয়ারের।

সলুখুম্বু জেলার পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বিদেশি পর্যটক। তবে তাঁর নাম কিংবা জাতীয়তা এখনও প্রকাশ করেনি নেপালের স্থানীয় প্রশাসন। এদিকে, আহত ব্যক্তিকে চপারে করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৩৭১ মিটার উঁচুতে অবস্থিত পূর্ব নেপালের কোশী প্রদেশের এই ফেরিচে গ্রামে প্রধানত শেরপাদের বসবাস, যেখান থেকে অসংখ্য পর্যটক এভারেস্ট বেস ক্যাম্পের পথ ধরেন।