ঢাকা, ৩ নভেম্বর : ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকার মিরপুর এবং এর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে সকালে কিছু কারখানায় উৎপাদন আংশিক শুরু হলেও মুহূর্তেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। কারখানা ছেড়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে এলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে মিরপুরের কয়েকটি পোশাক কারখানায় কর্মীরা কাজে যোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই বকেয়া ও বেতন পর্যালোচনার দাবিতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। হাজার হাজার শ্রমিক কারখানা থেকে ওয়াকআউট করে দলবদ্ধভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যান চলাচলে বিঘ্ন ঘটান। শ্রমিকদের হঠাতে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর হয় প্রশাসন।
এদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাক শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুধু মিরপুরই নয়, গাজীপুর এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও এই বিক্ষোভের প্রভাব পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে, তবুও শ্রমিকদের এই আন্দোলন বাংলাদেশের প্রধান পোশাক রফতানি খাতে গভীর শঙ্কার সৃষ্টি করেছে।









