হাজারিবাগে যাত্রিবাহী গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের, মৃতের সংখ্যা বেড়ে ৭

হাজারিবাগ, ১০ নভেম্বর : সোমবার ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপাড়ন থানা এলাকার দানুয়া ঘাঁটিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাড়লো মৃতের সংখ্যা। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। পরে তা বেড়ে হয় ৭ জন। এছাড়াও আরও ১৪ জন আহত হয়েছেন। জানা গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছিল বারাণসীগামী একটি যাত্রিবাহী গাড়ি। সেসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্যাঙ্কার ওই যাত্রিবাহী গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে চৌপাড়ন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শেখ ভিখারী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডঃ রাজ কিশোর জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পথে আরও একজনের মৃত্যু হয়। আরেকজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাঁচির হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক। তবে ওই রোগীকে গাড়িতে তোলার সময় তাঁরও মৃত্যু হয়। সব মিলিয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে। ডঃ রাজ কিশোর এও জানান, আরও একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীরা গিরিডি জেলার বাগোদর থানা এলাকার বিহার ও সালাইয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময়, গাড়িটি বাগোদর থেকে মৃতদেহ নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। সেসময় জিটি রোড সংলগ্ন দানুয়াতে একটি দ্রুতগামী ট্যাঙ্কার পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। দুর্ঘটনায় এতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।