রিষড়া পুরসভার নোডাল আধিকারিকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই

হুগলি, ১০ নভেম্বর  : রিষড়া পুরসভার নোডাল আধিকারিকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুই,হুগলির রিষড়া পুরসভার নোডাল আধিকারিক আশিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জীব সিকদার ও কৌশিক আইচ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় সোমবার সন্ধ্যায় হিন্দুস্থান সমাচারের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে আশিতাভ গঙ্গোপাধ্যায় জানান, তাঁর বাড়িতে গুলি চালানোর ঘটনা নিয়ে তিনি নিজেই পুরোপুরি নিশ্চিত নন। তবে তাঁর সঙ্গে গালিগালাজ করা হয়েছে এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই মর্মে রিষড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং পুলিশের পদক্ষেপে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট বলেও জানান ওই আধিকারিক।

উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে আশিতাভ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছিলেন, গভীর রাতে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে এসে গালিগালাজ ও ভাঙচুর চালায়। প্রাথমিক পোস্টে তিনি গুলি চালানোর আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, রাত প্রায় ২টো থেকে আড়াইটের মধ্যে রিষড়ার পদ্মপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

তবে পরবর্তী সময়ে হিন্দুস্থান সমাচারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, গুলি চালানোর বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে তদন্তে নেমেছে পুলিশ।

Recent Posts