কলকাতায় কালীপুজো ও দীপাবলিতে পুলিশের কড়া পদক্ষেপ;গ্রেফতার ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি নিষিদ্ধ বাজি

কলকাতা, ১০ নভেম্বর : দীপাবলি ও কালীপুজোর শুভ উৎসবে মহানগরের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত কড়া ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখা এবং দুষ্কৃতী ও উপদ্রবকারীদের ওপর লাগাম টানাই ছিল পুলিশ প্রশাসনের এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য। কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শহর জুড়ে পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৩৪১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সরকারি নিয়ম ও আদালতের নির্দেশিকা লঙ্ঘন করে বেআইনিভাবে বাজি ফাটার অভিযোগে ৯৫ জনকে গ্রেফতার  করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে গোলমাল পাকানো, অশালীন আচরণ এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে সর্বাধিক ২৪৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, উৎসবের দিনগুলিতে কোনো ধরনের অরাজকতা বা আইন অমান্য বরদাস্ত করা হবে না।গ্রেফতারের পাশাপাশি বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রেও বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। শহরজুড়ে চালানো বিভিন্ন ঝটিকা অভিযানে মোট ১৩১.১ কিলোগ্রাম নিষিদ্ধ ও বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি অভিযান চালিয়ে ৬ লিটার বেআইনি দেশি মদও উদ্ধার করেছে পুলিশ।