পুরনো বিবাদের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ, জয়নগরে মৃত্যু ৩৬ বছরের যুবকের

জয়নগর, ১০ নভেম্বর : পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। তাঁর বাবার নাম আবু বকর শেখ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৭টা নাগাদ কয়েকজন প্রতিবেশী আচমকাই শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আব্দুল রাজ্জাকের উপর হামলা চালায়। এলোপাথাড়ি মারধরে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পদ্মা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, ভেলো শেখ, ভোঁটন শেখ ও রাজু শেখ-সহ কয়েকজন এই হামলায় জড়িত। পরিবারের দাবি, আগের রাতে মদ্যপ অবস্থায় প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আব্দুল রাজ্জাকের বচসা হয়েছিল। সেই বিবাদের জেরেই সকালে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, আগে একটি কাপড় তৈরির কারখানায় কাজ করতেন আব্দুল রাজ্জাক। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি কর্মহীন ছিলেন।

এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার। কী কারণে এই হামলা এবং কারা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।