নৃশংস হত্যালীলা কখনও ভোলার নয়, নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১০ নভেম্বর : নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের রক্তাক্ত অধ্যায়ের ১৯-তম বার্ষিকীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের নামে যে ভয়াবহ রাজনৈতিক হিংসা ও প্রাণহানির ঘটনা ঘটেছিল, মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় সেই দিনটির স্মৃতিচারণ করেন তিনি। আন্দোলনের অমর শহীদদের বলিদানকে স্মরণ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অশুভ শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের চিরন্তন প্রতীক হিসেবে ইতিহাসে বেঁচে থাকবে নন্দীগ্রাম।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “২০০৭-এর ১০ নভেম্বর নব সূর্যোদয়ের নামে নন্দীগ্রামে হাড়হিম করা নৃশংস হত্যালীলার ইতিহাস কখনোই ভোলা সম্ভব নয়। নন্দীগ্রাম শুধুমাত্র একটা নাম নয়, নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯-তম বর্ষপূর্তি। রক্তাক্ত বিভীষিকাময় দিনে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)-এর জন্য কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে গর্জে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। গড়ে উঠেছিল ঐতিহাসিক ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’। সেই জমি রক্ষা আন্দোলনের অন্যতম অগ্রণী কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী নিজে। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের দখল নিতে তথাকথিত ‘অপারেশন সূর্যোদয়’-এর মাধ্যমে ব্যাপক সন্ত্রাস, গুলিচালনা ও রক্তপাতের ঘটনা ঘটেছিল, যা তৎকালীন রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তনের সূচনা করেছিল। প্রায় দুই দশক পেরিয়ে এসেও নন্দীগ্রামের সেই প্রতিরোধ ও শহীদদের আত্মত্যাগ আজও বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ স্থান দখল করে রয়েছে।