‘সমৃদ্ধির জন্য সততা’—প্রভাত ফেরির মাধ্যমে স্বচ্ছতার বার্তা হাওড়া ডিভিশনের

কলকাতা, ১৭ নভেম্বর : দুর্নীতিমুক্ত কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বার্তা দিতে প্রভাত ফেরির আয়োজন করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। সোমবার তিন মাসব্যাপী প্রতিরোধমূলক সতর্কতা অভিযান ২০২৬-এর অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। প্রভাত ফেরির মূল স্লোগান ছিল ‘সমৃদ্ধির জন্য সততা’।
হাওড়ার নিউ ডিআরএম বিল্ডিং থেকে এই প্রভাত ফেরির সূচনা হয়। হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিশাল কাপুরের নেতৃত্বে প্রায় ৬০ জন রেল আধিকারিক এতে অংশগ্রহণ করেন।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে রেলকর্মীদের মধ্যে নৈতিকতা, সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। জনসেবার ক্ষেত্রে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং প্রশাসনিক জবাবদিহির গুরুত্বও তুলে ধরা হয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাধারণ মানুষের আস্থা অর্জন এবং রেলের পরিষেবাকে আরও দক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সক্রিয় সতর্কতা ও নৈতিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগের মাধ্যমে রেলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার আরও দৃঢ় হবে।
Recent Posts