নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত কৃষিকাজ, জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা পাকা ধান ও শীতকালীন সবজি

উত্তর ২৪ পরগনা, ১৯ নভেম্বর : হঠাৎ নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষিক্ষেত্রে। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির জেরে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোথাও জমিতে জল জমে পাকা ধান কাটার কাজ বন্ধ, আবার কোথাও জলের তলায় চলে যাচ্ছে শীতকালীন সবজির খেত। ফলে মাথায় হাত চাষিদের।
কৃষকদের দাবি, এই সময় মাঠের পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু আচমকা বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় ধান কাটা ও ফসল বাড়িতে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় পাকা ধান জমিতেই পড়ে রয়েছে। অন্যদিকে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও মুলোর মতো শীতকালীন সবজির জমিতেও জল জমেছে। দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকলে গাছের গোড়ায় পচন ধরে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে সবজির উৎপাদনেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে বাজারে জোগান কমে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ফসল বাজারজাত করার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দাপটে কৃষকদের লোকসান আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এই পরিস্থিতিতে দ্রুত কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানোর দাবি উঠেছে। সীমান্ত থেকে সুন্দরবন, নিম্নচাপের বৃষ্টিতে অনিশ্চয়তার মুখে কৃষকদের রুজি-রুটি।