এএনটিএফ-এর আন্তঃরাজ্য বড়সড় অভিযান, ৯৪ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেপ্তার ৯

কলকাতা, ২০ নভেম্বর : নেশামুক্ত ভারত অভিযানের আওতায় পশ্চিমবঙ্গের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ) আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল। গত ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন জেলায় লাগাতার তল্লাশি ও ধরপাকড় অভিযান চালিয়েছে এএনটিএফ-এর একাধিক দল।
এই ব্যাপক অভিযানে মোট ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর দায়ের করা হয়েছে। অভিযানে মোট ১৮৭ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার চোরাবাজারে আনুমানিক মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় মোট তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, এই মাদক পাচার চক্রের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের খোঁজে আরও বিস্তারিত তদন্ত চলছে।
পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) স্পষ্ট জানিয়েছে যে, নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে এই ধরনের কড়া অভিযান আগামী দিনেও নিরবচ্ছিন্নভাবে জারি থাকবে।