হুগলি, ২০ নভেম্বর : হুগলির বলাগড়ে প্রস্তাবিত আধুনিক বন্দর প্রকল্পকে ঘিরে শুরু হল পরিকাঠামো নির্মাণের কাজ। ৫৩৯ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রথম পর্যায়ে বন্দর সংযোগকারী রাস্তা ও সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের পরিবহণ ও পণ্য পরিবহণ ব্যবস্থায় নতুন দিশা খুলবে বলে মনে করা হচ্ছে।
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বলাগড়ে এই বন্দর টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই টার্মিনাল থেকে প্রতি বছর প্রায় ২৭ লক্ষ মেট্রিক টন কন্টেনার ও কয়লা পরিবহণ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
এই বন্দর চালু হলে কলকাতা ডক সিস্টেমের উপর পণ্য পরিবহণের চাপ অনেকটাই কমবে। পাশাপাশি যানজট কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই প্রকল্প। হুগলি জেলার শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামোর উন্নয়নেও বলাগড় বন্দর বিশেষ গুরুত্ব পেতে চলেছে।
প্রকল্প সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের বড় পরিকাঠামো নির্মাণের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই হবে না, পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিল্প, বাণিজ্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বলাগড় বন্দর প্রকল্প বাস্তবায়িত হলে হুগলি জেলা তথা রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে নতুন মাত্রা যুক্ত হতে পারে। সংযোগকারী রাস্তা ও সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ ও ব্যবসায়ী মহল।









