এখনও বিপন্মুক্ত নন রেখা পাত্র, দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ

কলকাতা, ২৩ নভেম্বর : এখনও বিপন্মুক্ত নন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি, তবে বিশেষ উন্নতিও হয়নি। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার জেরে রেখার মুখের মধ্যে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল। রোগী পুরোপুরি সচেতন না থাকায় ওই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছে বলে সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রেখার শরীরে রক্তচাপের মাত্রা, ক্রিয়েটিনিন, ইউরিয়া নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে। সেটি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন বিধায়িকা। পরে অবস্থার তেমন উন্নতি না-হওয়ায় তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়।
রেখা পাত্রের শারীরিক অবস্থা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। আমি তাঁকে দেখতে যাচ্ছি। সবার জন্য একটি সুখবর আছে—রেখা পাত্রকে এখন ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খাবার খাওয়ার পর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা বমির নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি; প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। সম্ভবত খাবারে কোনও সমস্যা ছিল। বসিরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছনোর পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল, তবে সেখানকার চিকিৎসকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর চিকিৎসা করেছেন।”