অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী, ২০২৫: কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র হচ্ছে রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে জমির সদব্যবহার ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। আজ চাম্পাহাওরে সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।
তুলাশিখর কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে চাম্পাহাওর সীতেশ স্মৃতি ভবন প্রাঙ্গণে এই সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, এক সময় জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ কৃষিতে খুব একটা উৎসাহী ছিলেন না৷ সময়ের সাথে সাথে পাহাড়ি এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ কৃষিকাজে উৎসাহিত হচ্ছেন। কৃষি দপ্তর তুলাশিখর কৃষি মহকুমা এলাকায় কৃষিকাজে জনজাতি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজে উৎসাহিত করছে।
সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কৃষি বিভাগের প্রধান আধিকারিক জীবন দেববর্মা, জেলা কৃষি আধিকারিক সমীরণ চাকমা, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা সাবেন্দ্র দেববর্মা প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলাশিখর বিএসির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অমিত দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন তুলাশিখর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক আপন দেববর্মা৷ সব্জি প্রদর্শনী ও প্রতিযোগিতায় কৃষি মহকুমার ৫৫০ জন কৃষক ৪০টি বিভাগে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অতিথিগণ সুবিধাভোগীদের হাতে কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেন।









