নবম রাজ্যভিত্তিক লাম্বা ওয়াথপ উৎসবের উদ্বোধন উৎসব আমাদের ধর্ম ও পরম্পরাগত সংস্কৃতির সাথে জড়িয়ে আছে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী, ২০২৫: উৎসব আমাদের ধর্ম ও পরম্পরাগত সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। নোয়াতিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে লাম্বা ওয়াথপ৷ এই উৎসবকে কেন্দ্র করে নোয়াতিয়া সম্প্রদায়ের মানুষ তাদের কুল দেবতার পূজা করেন৷ গতকাল সন্ধ্যায় গর্জি মেলারমাঠে নবম রাজ্যভিত্তিক লাম্বা ওয়াথপ উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। নোয়াতিয়া হদা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, এ ধরণের উৎসবে জাতি, জনজাতি অংশের মানুষের মিলনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়৷ রাজন্য আমল থেকেই নোয়াতিয়া সম্প্রদায়ের মানুষ রাজ্যে এই উৎসব পালন করে আসছেন৷ তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের পরম্পরাগত সংস্কৃতির বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাছাড়াও জনজাতি অধ্যুষিত এলাকায় গুণগত শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। গড়ে তোলা হচ্ছে আবাসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়।

এর ফলে জনজাতি অংশের ছেলেমেয়েরা গুণগত শিক্ষার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতি ছাড়াও জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক বিকাশে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা, পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের বর্তমান সরকার জনজাতি সম্প্রদায়ের পরম্পরাগত সংস্কৃতির বিকাশ ও প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ এই উৎসব আমাদের সম্প্রীতিকে সুদৃঢ় করে৷

এখন রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের উৎসবগুলি পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াতিয়া হদার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জনকুমার নোয়াতিয়া, নোয়াতিয়া আইন কমিটির চেয়ারম্যান রাজেন্দ্রলাল নোয়াতিয়া ও ঘনরাম নোয়াতিয়া৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াতিয়া হদার সম্পাদক পাতাল কুমার নোয়াতিয়া৷ সভাপতিত্ব করেন চৌধুরী উদয়সিংহ নোয়াতিয়া৷ লাম্বা ওয়াথপ উৎসব উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়৷ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে