অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫: আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ এবছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের থিম হচ্ছে ‘ফর অল ওমেন এন্ড গার্লস : রাইটস, ইক্যুয়ালিটি, এমপাওয়ারমেন্ট’।
প্রস্তুতিসভায় সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনকে কেন্দ্র করে বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রোধের মতো সামাজিক বিষয়সমূহকে নিয়ে রাজ্যব্যাপী বিশেষ প্রচারাভিযান চালানোর জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন৷ এছাড়াও ইটভাট্টায় কর্মরত শ্রমিক, চা-বাগান শ্রমিক এবং বিভিন্ন শিল্প ও কারখানার সাথে যুক্ত মহিলা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক বিষয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সচেতনতামূলক সভার আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন।
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের অঙ্গ হিসাবে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের কু-প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযানের উপরও আলোচনা সভায় গুরুত্ব আরোপ করা হয়। প্রস্তুতিসভায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা মহিলা সংক্রান্ত অপরাধ রোধে গ্রামীণ এলাকায় বসবাসকারী নাগরিকদের নিয়ে পঞ্চায়েতস্তরে আলোচনা সভা আয়োজন করার অনুরোধ জানান।
সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের কর্মসূচি তুলে ধরেন। প্রস্তুতি সভায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে সচেতনতামূলক প্রচারাভিযানের অঙ্গ হিসাবে বাইসাইকেল র্যালি, সামাজিক মাধ্যমে প্রচার, মিনি ম্যারাথন আয়োজন, ফুটবল ম্যাচ, স্কুল এবং কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতা, আগরতলা পুর নিগম এলাকায় কর্মরত মহিলা সাফাইকর্মীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সামগ্রী বিতরণ ও রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।









