অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশের আহ্বানে এবছর ঊনকোটি জেলাভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি কুমারঘাটের শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল মহাবিদ্যালয়ের লাইব্রেরীতে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। দপ্তরের কুমারঘাট মহকুমা কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশীষ সেনগুপ্ত দিনটি উদযাপনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
শিক্ষক শিক্ষন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নিবাস শীল অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে সবার সহযোগিতার আহ্বান জানান। সভায় মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ ও বিএড এবং ডিএলএড-এর ছাত্রছাত্রীরাও আলোচনা করেন। সভা থেকে সিদ্ধান্ত হয়েছে আলোচনাচক্র, বহু ভাষিক কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঊনকোটি জেলাভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। পাশাপাশি মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো
হবে।









