অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও মহিলা) আসর। ১২দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৭ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতা সফল করতে আজ শহীদ ভগৎ সিং যুব আবাসের সভাকক্ষে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রীড়ামন্ত্রী শ্রীরায় বলেন, সর্বভারতীয় এই চ্যাম্পিয়নশিপের আসরকে সফল করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর সর্বতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ অন্যান্য দপ্তর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলির জন্য থাকা খাওয়ার সুবন্দোবস্ত রাখতে হবে। রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এই অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর পৌঁছে দিতে প্রচারের উপর গুরুত্ব দিতে হবে।
প্রস্তুতি সভায় ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ প্রবীর মজুমদার জানান, ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিএসএফ, সিআরপিএফ, আরপিএফ, সিআইএসএফ সহ মোট ৪৩টি দল অংশগ্রহণ করবে। এরমধ্যে ৩৪টি পুরুষ দল এবং ৯টি মহিলা দল। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দলগুলি রাজ্যে আসতে শুরু করবে। রাজ্যের পাঁচটি মাঠে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। সেগুলি হলো উমাকান্ত স্টেডিয়াম, মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানীয়ায় শচীন্দ্র কলোনী মাঠ, জম্পুইজলা মাঠ এবং উদয়পুরের চন্দ্রপুর মাঠ।
প্রস্তুতি সভায় এছাড়াও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (প্রশিক্ষণ) এম রাজা মুরুগান, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, ডিআইজি (ক্রাইম) কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ ক্রীড়া দপ্তর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।









