পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২২ মে, ২০২৬: পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক। এজন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আজ বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি পশু চিকিৎসালয়ের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। তিনি বলেন, এই চিকিৎসালয় উদ্বোধনের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন। মাত্র ৫ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে মধুপুর এবং সংলগ্ন এলাকার মানুষ তাদের গৃহপালিত প্রাণীর টিকাকরণ এবং চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে পারবেন।

তিনি বলেন, শুধু পশু চিকিৎসা কেন্দ্রেই প্রাণীপালকগণ তাদের গৃহপালিত প্রাণীর চিকিৎসার সুযোগ পাচ্ছেন না দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন ক্ষেত্রে ১৯৬২-তে ফোন করলে পশু চিকিৎসক সহ অ্যাম্বুলেন্স বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর ২০২৫-২৬ অর্থবছরে ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করবে। এগুলি চালু হলে পশু চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, পশু পালনের সঙ্গে যারা যুক্ত তারা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি যোজনা চালু করা হয়েছে।

এই যোজনার আওতায় প্রতিবছর ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবছর এই প্রকল্পে সিপাহীজলা জেলার ৭০০ জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানগণ। উল্লেখ্য, এই পশু চিকিৎসালয়টি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা।