এডিসির ভিলেজ কমিটি নির্বাচন : উত্তর জেলায় আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অধীন আসন্ন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উত্তর ত্রিপুরা জেলায় সম্পন্ন করতে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইসেন্সধারী ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র জমা করা সম্পর্কিত এক নির্দেশিকা জারি করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ১৯৫৯ সালের অস্ত্র আইন-এর প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশ দিয়েছেন যে, জেলার সমস্ত ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত রশিদ গ্রহণপূর্বক নিজ নিজ নিকটবর্তী থানায় তাদের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে হবে।

উক্ত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত তারিখের (১৫ সেপ্টেম্বর, ২০২৬) মধ্যে অস্ত্র জমা না করা হলে বা কারো কাছে বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে, তার বিরুদ্ধে ১৯৫৯ সালের অস্ত্র আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা-এর ২২৩ নম্বর ধারা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা রজু করে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে। তবে এই আদেশটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মী, টিএসআর, সিআরপিএফ, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী এবং ব্যাংক, সিস ক্যাশ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও আইওসিএল-এর নিরাপত্তার কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৭ (সাত) দিনের মধ্যে থানা থেকে সংশ্লিষ্ট মালিকদের নিকট জমাকৃত অস্ত্র ফেরত দেওয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ হয়েছে।

Recent Posts