অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর, ২০২৬: গোমতী জেলা প্রশাসন এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর গোমতী জেলার জেলাশাসকের কনফারেন্স হলে গোমতী জেলাভিত্তিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থানীয় আধিকারিক বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের বিকশিত ভারত ইয়ং লিডারশিপ ডায়লগ- ২০২৭ কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে সারা দেশের সাথে গোমতী জেলাতেও ডিজিট্যাল ক্যুইজ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যাদের বয়স ১৫ থেকে ২৯ বছর তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। মাই ভারত পোর্টালের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। উল্লেখ্য, বিকশিত ভারত ইয়ং লিডারশিপ ডায়লগ-২০২৭ ইং কর্মসূচিতে ধাপে ধাপে অনেকগুলি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন থাকবে। এর মধ্যে প্রথম ধাপে- ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ডিজিট্যাল ক্যুইজ। ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবন্ধ প্রতিযোগিতা।
২৭ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ানশিপ। ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত স্টেট লেভেল বিকশিত ভারত ইয়ং ডায়লগ। ১০ জানুয়ারি, ২০২৭ থেকে ১২ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত নিউ দিল্লিতে আয়োজিত হবে ন্যাশন্যাল ডায়লগ প্রতিযোগিতা। সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক এই জেলার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, যুব সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যুব সমাজের কাছে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেবার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।









