প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও চটজলদি এবং পরিবেশবান্ধব করে তুলতে আজ আমবাসায় এক কর্মসূচি রূপায়িত হয়েছে। ‘ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড’-এর সৌজন্যে এবং ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ জেলার ১০ জন নির্বাচিত আশা ফেসিলিটেটরের হাতে ই-সাইকেল তুলে দেওয়া হয়। আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কনফারেন্স হলে আশা ভরসা দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ই-সাইকেলগুলি বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আশা কর্মীদের উৎসাহিত করেন জেলার জনপ্রতিনিধি ও স্বাস্থ্য আধিকারিকগণ।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালী দেববর্মা, ডাঃ প্রীতম দেববর্মা, জেলা পরিবার কল্যাণ আধিকারিক, ডাঃ সুধীর দেববর্মা, জেলা নোডাল অফিসার। এছাড়াও অনুষ্ঠানে আশা কর্মী, আশা ফেসিলিটেটর এবং স্থানীয় স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ধলাই জেলার বিভিন্ন প্রান্তের আশা ফেসিলিটেটরদের কাজের পরিধি এবং দক্ষতার ওপর ভিত্তি করে একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে এই ১০ জন সুবিধাভোগীকে নির্বাচন করা হয়েছে। পরিবেশবান্ধব এই ই-সাইকেলগুলি পাওয়ার ফলে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ের কাজ তদারকি করা এখন অনেক সহজ ও দ্রুত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস ত্রিপুরা সরকার এবং টি.এস.ই.সি.এল.-কে এই সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন আশা কর্মীরা। এই ই-সাইকেলগুলি তাদের যাতায়াতের সময় বাঁচাবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে। কার্বন মুক্ত এই যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে আশা ফেসিলিটেটরদের শারীরিক পরিশ্রম লাঘব করে কর্মদক্ষতা অনেক বাড়িয়ে দেবে। ই-সাইকেল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুবিধাভোগী আশা ফেসিলিটেটররাও। ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








