বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠান, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বনমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক, ০৫ জুন, ২০২৬: বন দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং সি.আর.পি.এফ. গ্রুপ সেন্টারের যৌথ সহযোগিতায় শালবাগানস্থিত সি.আর.পি.এফ.-এর গ্রুপ সেন্টারের ক্যাম্পাস হলে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বৃক্ষরোপণে এবং পরিবেশ রক্ষায় জনগণকে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বৃক্ষরোপণে আগ্রহীদের বন দপ্তর থেকে বিনামূল্যে গাছের চারা সরবরাহ করা হয়। বনসৃজন এবং বন সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভারও আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করার জন্য এবং বৃক্ষরোপণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বনমন্ত্রী সি.আর.পি.এফ. গ্রুপ সেন্টারকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই কর্মসূচির অঙ্গ হিসেবে এই এলাকায় বিভিন্ন প্রজাতির ৫০০ চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে ২০০ চারা গাছ রোপণ করা হয়েছে। বনমন্ত্রী বলেন, এবছর বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা হলো ‘ইন্সপায়ারড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার’ বা ‘প্রকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বনমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি.সি.সি.এফ. আর. কে. সামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কে. শশীকুমার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভি.সি. ড. আর.কে. সাহা, টি.এফ.ডি.পি.সি.-র এম.ডি. পি. এল. আগরওয়াল, পরিবেশ দপ্তরের অতিরিক্ত সচিব চৈতন্য মূর্তি, সি.আর.পি.এফ, গ্রুপ সেন্টারের ডি.আই.জি. জিতেন্দ্র কুমার রাজপুত প্রমুখ। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ গ্রুপ সেন্টার এলাকায় বৃক্ষরোপণ করেন।