মোহনপুরের রাঙ্গাছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে বিশেষ স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক,২৩ জুন, ২০২৬: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এবং মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় আজ রাঙ্গাছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি বিশেষ স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৩৬ জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এছাড়াও ৩২ জনের রক্ত পরীক্ষা করা হয়। টেলি-মেডিসিন পরিষেবার মাধ্যমে ৩ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য শিবিরে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. সুব্রত বৈদ্য, ডা. অমর ত্রিপুরা, ডা. সম্পা দাস, ডা. সন্ধ্যা দেববর্মা এবং অন্যান্য চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। এছাড়াও দিল্লির সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল (CCDC)-এর চিকিৎসক ডা. মানসি ত্যাগী ও ডা. বেবিকা নাগপাল টেলি-মেডিসিনের মাধ্যমে রোগীদের বিভিন্ন পরামর্শ দেন।

মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. অলক নোয়াতিয়াও শিবিরে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সচেতনতামূলক কর্মসূচিতে স্বাস্থ্যকর জীবনযাপন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টেলি-মেডিসিন পরিষেবার সুবিধা সম্পর্কে গ্রামবাসীদের অবহিত করা হয়। এই ধরনের স্বাস্থ্য শিবির গ্রামীণ এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Recent Posts