অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট,২০২৬: রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও গুণগতমান সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ আজ রাজ্য সোনারতরী অতিথিশালায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে ‘উচ্চশিক্ষা সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। উচ্চশিক্ষা দপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করেছে।
এতে ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয়, টিআইটি, পলিটেকনিক কলেজ, আর্ট কলেজ, আইন কলেজ, কলেজ অব টিচার্স এডুকেশন (কুমারঘাট), আইএএসই কলেজ সহ বিভিন্ন ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীগণ অংশ নেয়। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেন, ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে কিভাবে দ্রুত সমাধান করা যায় তার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ, কর্মচারিগণ তাদের প্রতিষ্ঠানের বিষয়ে সবথেকে ভাল অবগত করতে পারবেন। আজ এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রস্তাব ও মতামত দপ্তর গুরুত্বসহ বিবেচনা করবে। তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে একটি এডুকেশনাল হাব এ তৈরী করার পরিকল্পনা নিয়েছে। একে বাস্তবায়িত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
এই সংলাপ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ জাতীয় শিক্ষানীতি, তাদের প্রতিষ্ঠানের নানা সমস্যা ইত্যাদি বিষয়ে নিজ নিজ মতামত ও প্রস্তাব তুলে ধরে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের ওএসডি ড. সন্দীপ চক্রবর্তী এবং ওএসডি বিশ্বজিৎ মজুমদার।








