তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজারে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা

অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট,২০২৬: তেলিয়ামুড়া মহকুমার কৃষকদের কাছ থেকে চলতি রবি মরশুমে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে। ধান ক্রয় চলবে ৬ আগস্ট পর্যন্ত। তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজার প্রাঙ্গণে গতকাল এই অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন। এতে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও সুদৃঢ় হচ্ছে। ধান ক্রয়ের প্রথম দিন কৃষকদের কাছ থেকে ১৫০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। সহায়ক মূল্যে প্রতি কিলোগ্রাম ধান ২৩ টাকা ৬৯ পয়সা দরে ক্রয় করা হয়েছে। এই মরশুমে কৃষকদের কাছ থেকে ২৮০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, কাউন্সিলার অচিন্ত ভট্টাচার্য, কৃষি স্ট্যান্ডিং কমিটির সভাপতি সুজিত দাস, এপিএমসি’র চেয়ারম্যান সন্তোষ দাস, কৃষি তত্ত্বাবধায়ক ঋতেশ রায়, বিডিও বিপ্লব আচার্য, ডিসিএম জিনিয়াস দেববর্মা, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় সহ অন্যান্য বিশিষ্ট জন।

Recent Posts